প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৫, ২০২৬, ৯:৫২ পি.এম
কলাপাড়ায় অবৈধ জুস কারখানায় অভিযান, মালিকের জেল-জরিমানা

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের কাজী নজরুল ইসলাম সড়কে অবৈধভাবে পরিচালিত একটি ‘ড্রিংকোর জুস’ কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে লাইসেন্স ও অনুমোদন ছাড়াই জুস উৎপাদনের দায়ে কারখানার মালিক মাসুদ সিকদার (৩৪) কে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
শুক্রবার (১৫ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাউছার হামিদ।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে কোনো ধরনের স্বাস্থ্যবিধি অনুসরণ না করে সম্পূর্ণ ম্যানুয়াল পদ্ধতিতে জুস তৈরি করা হচ্ছিল। উৎপাদনে ব্যবহৃত বিভিন্ন প্রিজারভেটিভ ও রাসায়নিক উপাদানেরও কোনো বৈধ অনুমোদন ছিল না বলে জানা যায়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ও ৫২ ধারায় অভিযুক্তকে এ দণ্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, “এসব নিম্নমানের জুস বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। দীর্ঘদিন এসব পানীয় গ্রহণে কিডনি, লিভারসহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে। জনস্বার্থে এ ধরনের অবৈধ কারখানার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.