প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৪, ২০২৬, ১১:০৩ পি.এম
কলাপাড়ায় এক রাতে ৬ বাড়িতে দুর্ধর্ষ চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়া পৌর শহরের রহমতপুর এলাকায় এক রাতে অন্তত ছয়টি বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকালের মধ্যে যেকোনো সময় এসব চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের মধ্যে ভাড়াটিয়া রফিকুল ইসলামের বাসা থেকে নগদ ৪১ হাজার টাকা ও দুটি সোনার আংটি চুরি হয়েছে। পাশের ভাড়াটিয়া মোঃ আল আমিনের বাসাতেও চুরির ঘটনা ঘটে। এছাড়া ঘর মালিক রেদওয়ান ইসলামের বাসা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার এবং ভাড়াটিয়া কামাল হোসেনের কাছ থেকে নগদ ৯০ হাজার টাকা ও আনুমানিক ৮-৯ ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে।
অন্যদিকে, একই এলাকায় ঘর মালিক ফেরদৌস আহমেদের বাসা থেকেও নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি হয়েছে। পাশের ভাড়াটিয়া কাওছার সিকদারের বাসা থেকে প্রায় ১০ হাজার টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এলাকাবাসীর মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে।
এ ব্যাপারে কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.