প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৫, ২০২৬, ১১:৩২ পি.এম
কলাপাড়ায় পারিবারিক বিরোধে সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৩

কলাপাড়ায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী ও শিশুসহ তিনজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বুধবার (২৫ মার্চ) কলাপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মোঃ ফারুক শরীফ (৩০)।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার টিয়াখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের পশ্চিম টিয়াখালী গ্রামে গত ২২ মার্চ সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন-মোঃ সানাউল হক (২৪), তার ভাই মোঃ শাওন মোল্লা (১৮) ও তার বাবা মোঃ ছালাম মোল্লা (৫০)।
বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধের জেরে ঘটনার দিন কথা কাটাকাটির একপর্যায়ে অভিযুক্তরা তার শ্যালক রেদওয়ানকে পথরোধ করে মারধর করে। পরে তাকে রক্ষা করতে গেলে তার স্ত্রী হাবিবা আক্তার কলিকেও এলোপাতাড়ি মারধর করা হয়।
একপর্যায়ে লোহার রড ও লাঠি দিয়ে হামলা চালিয়ে তার স্ত্রীর হাত ভেঙে দেওয়া হয় এবং কোলে থাকা ১৫ মাস বয়সী শিশু তাছমিয়ার মাথায় আঘাত লাগে। এতে মা ও শিশু দুজনই আহত হন। তাদের কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এছাড়া হামলার সময় শ্লীলতাহানী ও স্বর্ণালঙ্কার ছিনতাইয়ের অভিযোগও করেন বাদী। তার স্ত্রীর গলায় থাকা প্রায় ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ও কানে থাকা দুল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযুক্ত মোঃ সানাউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। আমাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ করা হয়েছে। পূর্ব বিরোধের জের ধরে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
কলাপাড়া থানার ওসি (তদন্ত) মোঃ ইলিয়াস তালুকদার বলেন, “অভিযোগটি পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.