তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় বাউফল উপজেলা যুবদলের আহ্বায়ক গাজী মোঃ গিয়াসউদ্দিনের পোস্টার ও ব্যানার দেখা গেছে ইউনিয়নের বিভিন্ন অলি-গলিতে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, গাজী মো. গিয়াসউদ্দিনের ছবি ও শুভেচ্ছা সংবলিত পোস্টার-ব্যানার টাঙানো হয়েছে। এসব পোস্টার-ব্যানারকে ঘিরে স্থানীয় ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে আগ্রহ ও আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের কয়েকজন জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় পোস্টার-ব্যানার দেখা যাওয়ায় ভোটের আমেজ তৈরি হচ্ছে। সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে আগ্রহ বাড়ছে।
গাজী মো. গিয়াসউদ্দিন কালাইয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আগ্রহী বলে স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা রয়েছে এবং এ নিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশের তৈরি হয়েছে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে কালাইয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।