প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১১:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৭, ২০২৪, ৫:২৯ পি.এম
চরফ্যাশনে ইমাম পেটানোর প্রতিবাদে’ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারের দাবি

রুবেল আশরাফুল , চরফ্যাশন
'মসজিদের ইমামকে পেটানোর প্রতিবাদে' চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজ জমাদারকে গ্রেপ্তারের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলার দুলারহাট থানা জামে মসজিদ প্রাঙ্গণে আলেম-ওলামা, ইমাম, মুয়াজ্জিন ও তৌহিদী জনতার উপস্থিতিতে এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন মুফতি মাওলানা মো: ফয়েজ উল্যাহ, মুফতি মাওলানা মো: ইদ্রিস, মাওলানা মো: ইমাম হাসান মায়াবী, মুফতি মাওলানা মো: শামিম প্রমূখ।
সভায় বক্তারা বলেন, আবুবকরপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সিরাজ জমাদার একজন আলেম-ওলামা বিদ্বেষী মানুষ। গত একমাসে চেয়ারম্যান নিজে এবং তাঁর বাহিনীর মাধ্যমে এলাকার ইমাম, মুয়াজ্জিন ও বিভিন্ন মাদ্রাসার শিক্ষকসহ প্রায় অর্ধশত নিরপরাধ মানুষকে মারধর ও নির্যাতন করেছেন। মসজিদের ইমামকে পেটানোর ঘটনায় দুলারহাট থানায় অভিযোগ করলে এখন পর্যন্ত মামলা নেয়নি পুলিশ। দ্রুত সময়ের মধ্যে অত্যাচারী চেয়ারম্যান সিরাজ জমাদারকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।
উল্লেখ্য গত ১৬ জানুয়ারি আবুবকরপুর ইউনিয়নের ফয়জুল উলুম কাওমী মাদ্রাসার সহকারী পরিচালক ও আমিনাবাদ সোনারখালী আলিয়া জামে মসজিদের ইমাম মাওলানা মঈনুল ইসলামকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন চেয়ারম্যান সিরাজ জমাদার।
এ ঘটনায় চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন হওয়ার কথা থাকলেও সঠিক বিচারের প্রতিশ্রুতি দিয়ে মুজিব নগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়ার মধ্যস্থতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.