প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১২:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৪, ১০:১১ পি.এম
ভোলায় মাদকাসক্ত স্বামীর নির্যাতনের শিকার ২ সন্তানের জননী

ইব্রাহীম আকতার আকাশ
ভোলা সদর উপজেলার ৩নং পশ্চিম ইলিশা ইউনিয়নের পশ্চিম চরপাতা গ্রামে রেশমা বেগম নামে দুই সন্তানের এক জননীকে নির্মমভাবে নির্যাতন করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত স্বামী মনিরুল ইসলাম শুভর বিরুদ্ধে।
বুধবার (২০ মার্চ) সকালে ভুক্তভোগী রেশমা বেগম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
রেশমা পশ্চিম চরপাতা গ্রামের দিনমজুর মো. ইসমাইল বেপারীর মেয়ে এবং দুই সন্তানের জননী। শুভ পটুয়াখালী জেলার বনানী এলাকার বাসিন্দা।
তার স্বামী মনিরুল ইসলাম শুভ একজন চিহ্নিত মাদক কারবারি। ভোলা, চট্টগ্রাম ও পটুয়াখালীতে তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। এসব মামলায় বর্তমানে তিনি জামিনে আছেন।
তার স্ত্রীর অভিযোগ, বিয়ের পর থেকে শুভ তাকে প্রায়ই মারধর করত। এমনকি তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা থাকাবস্থায়ও স্বামী শুভ তাকে অমানবিক নির্যাতন করেছে।
স্ত্রী রেশমার দাবি, শুভ মাদক এবং পরকীয়া প্রেমের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে পড়েছে। এতে বাধা দিলেই শুভ তাকে নির্মমভাবে নির্যাতন করে। গেল কয়েকদিন আগেও তাকে চুলের মুঠি ধরে ব্যাপক মারধর করে পটুয়াখালী চলে যায়। সম্প্রতি পটুয়াখালী থেকে ফোনে স্ত্রী ও শাশুড়ীকে প্রাণনাশের হুমকি দেয়। কোনো উপায়ন্তর না পেয়ে এসব ঘটনার বিচার স্থানীয় চেয়ারম্যান ও ইউপি সদস্যেদের কাছে দিয়েও রেশমা বেগম কোনো সমাধান পায়নি।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শুভর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ করেননি।
৩নং পশ্চিম ইলিশা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জহির জানান, শুভর বিরুদ্ধে তার স্ত্রী রেশমা বেগম ইউনিয়ন পরিষদে একাধিক অভিযোগ দিয়েছে। কিন্তু এসব অভিযোগের বিষয়ে শুভকে নিদিষ্ট তারিখে পরিষদে উপস্থিত থাকতে বলা হলেও তিনি তা কখনোই কর্ণপাত করেননি।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.