প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১২:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৯, ২০২৫, ৭:১৭ পি.এম
মুন্সিগঞ্জের মেঘনায় বালু ব্যবসায়ীদের ধাওয়া গ্রামবাসীর সংঘর্ষ

মুন্সীগঞ্জ সদরের চরআব্দুল্লাহ সংলগ্ন মেঘনা নদীতে বালু কাটাকে ঘিরে বালু ব্যবসায়ীদের সাথে গ্রামবাসীর ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ১৯ জুন বৃহস্পতিবার দুপুরে আঁধারা ইউনিয়নে এ সংঘর্ষ হয়।
সংঘর্ষের পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে নৌ-পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনায় বালুমহাল থাকলেও বালুমহালের লোকজন নির্ধারিত স্থান ছেড়ে নদীর তীরে কাছাকাছি এসে বালু কাটা শুরু করে। এতে স্থানীয়দের ফসলি জমি-ভিটে মাটি ভাঙনের আশঙ্কা তৈরি হয়। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে এলাকায় প্রতিবাদমুখর ছিল মানুষ।
বৃহস্পতিবার আবারো চরআব্দুল্লাহ সংলগ্ন নদীতে বালু কাটা শুরু করলে ড্রেজার নিয়ে আসা লোকজনকে ভিটেমাটির রক্ষায় লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে গ্রামবাসী। এসময় বালু ব্যবসায়ী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। পরে নদী তীরের স্থানত্যাগ করে মাঝ নদীতে চলে যায় বালুমহালের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় নৌপুলিশ।
এ বিষয়ে চর আব্দুল্লাহ নৌপুলিশের ইনচার্জ মাহবুব আলম বলেন, ‘বালু কাটা নিয়ে গ্রামবাসীর আপত্তি থাকায় ধাওয়ার ঘটনা হয়। আমরা ঘটনাস্থলে রয়েছি।’
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.