প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৩৬ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৪, ২০২৬, ১১:৫৪ পি.এম
লালমোহনে অতিরিক্ত দামে সার বিক্রি করায় ডিলারকে জরিমানা

ভোলার লালমোহন উপজেলায় সরকার নির্ধারিত খুচরা মূল্যের চেয়ে বেশি দামে কৃষকের কাছে সার বিক্রির অভিযোগে বিএডিসি নিবন্ধিত এক ডিলারকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার লালমোহন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক।
এ সময় ওই বাজারের বিএডিসি নিবন্ধিত সার ডিলার মেসার্স পাটোয়ারী এন্টারপ্রাইজের মালিক মো. আনোয়ার হোসেনকে কৃষকের কাছে অতিরিক্ত মূল্যে সার বিক্রির অভিযোগে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করেন তিনি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ওই ডিলারকে এ অর্থদ- প্রদান করা হয়।
লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক বলেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একইসঙ্গে এ সময় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে কৃষি উপকরণ বিক্রির নির্দেশনা দেন তিনি।
এ সময় লালমোহন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. আহসান উল্যাহসহ থানা পুলিশের সদস্য ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2026 দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news. All rights reserved.