
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
পটুয়াখালীর কলাপাড়ায় নাস্তা দিতে দেরি হওয়াকে কেন্দ্র করে লামিয়া (২৬) নামে এক নারী বেসরকারি হাসপাতালকর্মীকে জুতা দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক চিকিৎসক ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আসামি করে কলাপাড়া থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর স্বামী মোঃ আলাউদ্দিন।
মামলার আসামিরা হলেন ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক ডা. তাসলিমা ফেরদৌসী রিমা (৩৫), হাসপাতালের চিকিৎসক পরিচালক মোঃ নাহিদ ইসলাম (৩৫) এবং সাবিনা আক্তার (৩৩)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ম্যাক্স হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের চিকিৎসক তাসলিমা ফেরদৌসী রিমার অফিসকক্ষে এ ঘটনা ঘটে। চিকিৎসকের জন্য তিনটি মোগলাই পরোটা কিনে বাসায় পাঠান লামিয়া। চালক আবু বক্করের মাধ্যমে নাস্তা পাঠাতে কিছুটা দেরি হওয়ায় চিকিৎসক ক্ষিপ্ত হয়ে লামিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ করা হয়েছে।
এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে অফিসকক্ষের দরজা বন্ধ করে লামিয়াকে চুলের মুঠি ধরে মারধর করা হয়। এ সময় পেপারওয়েট ও শক্ত বোর্ড ছুড়ে মারার পাশাপাশি জুতা দিয়ে পেটানো হয়। এতে তাঁর শরীরের বিভিন্ন স্থানে জখম হয় এবং বুকের ডান পাশে গুরুতর আঘাত লাগে বলে অভিযোগ করেন তাঁর স্বামী। এ ছাড়া তাঁর ব্যবহৃত একটি স্মার্টফোন ভাঙচুর এবং শ্লীলতাহানির অভিযোগও করা হয়েছে।
পরে খবর পেয়ে আলাউদ্দিন ঘটনাস্থলে গিয়ে আহত স্ত্রীকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় দায়ের করা মামলায় তিনজনকে আসামি করা হয়েছে। তবে অভিযোগের বিষয়ে আসামিদের বক্তব্য জানা যায়নি।
কলাপাড়া থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন,“এ ঘটনায় মামলা এজাহার করা হয়েছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে।”