
এস এম আলমগীর হোসেন, কলাপাড়া:
পটুয়াখালীর কলাপাড়ায় এক মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের গুলিতে প্রবাসীর ছেলে নাইম (২২) গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া প্রবাসীর স্ত্রী, পুত্রবধূ ও দুই বছরের শিশুকে জিম্মি করে মারধর করা হয়। পরে শিশুটির মাথায় পিস্তল ঠেকিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও একটি আইফোন লুট করে নিয়ে যায় ডাকাতরা।
শুক্রবার (১৪ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের মালয়েশিয়া প্রবাসী মহিন হাওলাদারের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
আহতরা হলেন-প্রবাসীর ছেলে নাইম (২২), তাঁর স্ত্রী রুমা বেগম (৪০), পুত্রবধূ রেজবি (১৮) এবং দুই বছরের শিশু তাসরিফ। গুরুতর আহত অবস্থায় তাদের প্রথমে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত রুমা বেগম জানান, রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটা থেকে ৩টার দিকে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল বাড়ির দক্ষিণ পাশের জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। দলের আরও কয়েকজন সদস্য বাইরে পাহারায় ছিল। ঘরে ঢুকেই অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করতে থাকে।
এ সময় তাঁর ছেলে নাইম বাধা দিলে ডাকাতরা তাঁর হাঁটুতে গুলি করে। একপর্যায়ে দুই বছরের শিশু তাসরিফের মাথায় পিস্তল ঠেকিয়ে আলমারিতে থাকা স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও একটি আইফোন নিয়ে পালিয়ে যায়।
তবে স্বর্ণালংকারের পরিমাণ নিয়ে পরিবারের বক্তব্যে ভিন্নতা রয়েছে। প্রাথমিকভাবে ১৪ ভরি এবং পরে ২৪ ভরি স্বর্ণালংকার লুটের কথা বলা হয়েছে। বিষয়টি তদন্তে নিশ্চিত হওয়া যাবে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।