
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে নবাগত জেলা ঔষধ প্রশাসন কর্মকর্তা সুমন বিশ্বাসকে সংবর্ধনার নামে বিভিন্ন ঔষধের দোকান থেকে ৫০০ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
অভিযোগ রয়েছে, সমিতির কয়েকজন নেতা-কর্মী দোকানভিত্তিক এ টাকা সংগ্রহ করছেন। এ কাজে মজিবুর রহমান টিটু, হুমায়ুনসহ সমিতির কয়েকজন নেতৃবৃন্দ জড়িত বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। তবে অনেক ব্যবসায়ী প্রকাশ্যে কথা বলতে রাজি হননি।
এ বিষয়ে জেলা ঔষধ প্রশাসনের নবাগত কর্মকর্তা সুমন বিশ্বাস বলেন, সংবর্ধনা ও চাঁদা তোলার বিষয়টি আমার জানা নেই। মূলত নতুন কর্মস্থলে যোগদানের পর প্রতিটি উপজেলায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
স্থানীয় সূত্র জানায়, এর আগেও জেলা ঔষধ প্রশাসনের এক কর্মকর্তার বিরুদ্ধে সংবর্ধনার নামে চাঁদাবাজির অভিযোগ উঠেছিল। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে শাস্তিমূলক বদলি করা হয়।
এ ঘটনায় ঔষধ ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।