
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে দলবদ্ধ ধর্ষণের শিকার জুলাই আন্দোলনে শহীদ জসীম উদ্দিনের মেয়ে কলেজছাত্রী (লামিয়া আক্তার) (১৬) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মাপুর শেখেরটেক ৬নং রোডে তার মা’য়ের ভাড়া বাসায় ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়ার ঘটনাটি ঘটে। আশপাশের লোকজন মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষনা করে। নিহতের লাশ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে রয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন লামিয়ার চাচাতো চাচা কালাম হাওলাদার।
কালাম হাওলাদার জানান, চলতি বছরের ১৮মার্চ সন্ধ্যায় নিজ বাড়ি দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি থেকে পাশের গ্রামে নানা বাড়ি যাওয়ার পথে দলবদ্ধ ধর্ষণের শিকার হন ওই কলেজছাত্রী (লামিয়া)। প্রতিবেশী মামুন মুন্সীর বখাটে ছেলে সাকিব(১৯), সোহাগ মুন্সীর ছেলে সিফাত মুন্সী (২০) ও আ: মালেক মুন্সীর ছেলে ইমরান (১৯) তাকে নির্জণ বাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ঘটনার পরদিন ১৯মার্চ ওই কলেজছাত্রী বাদি হয়ে অভিযুক্তদের মধ্যে রহস্যজনক কারণে ইমরানকে বাদ রেখে বাকি দু‘যুবক সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে আসামি করে দুমকি থানায় একটি ধর্ষণের মামলা দায়ের করে। প্রেমের সম্পর্ক থাকায় ও বিয়ের গোপন আশ^াসে ইমরানকে মামলায় আসামি করা হয়নি বলে ধারণা স্থানীয়দের অনেকের। পুলিশ মামলার এজাহারভুক্ত আসামি সাকিব মুন্সী ও সিফাত মুন্সীকে গ্রেফতার করে কোর্টে সোপর্দ্দ করলে বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়ে দেন।
এদিকে ওই কলেজছাত্রী সামাজিক চাপ ও লোকলজ্জা এড়াতে মায়ের সাথে ঢাকায় গিয়ে শেখেরটেক ভাড়া বাসায় অবস্থান করছিল। সম্প্রতি প্রেমিক ইমরান তাঁকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে চরম হতাশাগ্রস্ত হয়ে শনিবার রাতে গলায় ওড়না পেচিয়ে সে আত্মহননের পথ বেছে নেয় বলে অভিযোগ নিহতের স্বজনদের।
প্রসঙ্গত, জুলাই‘২৪ গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হন উপজেলার আলগি গ্রামের জসিম হাওলাদার। তার মেয়ে সরকারি জনতা কলেজের একাদশ শ্রেণীরছাত্রী গত ১৮ মার্চ সন্ধ্যায় রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়। পরে মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও সোহাগ মুন্সির ছেলে সিফাত মুন্সীকে আসামি করে মামলা দায়ের হলে পুলিশ তাদের গ্রেফতার করে কারাগারে পাঠায়।