
এইচ.এম.এরশাদ,বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিনে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও বিভিন্ন দপ্তরের কাজের গতিশীলতার কথা তুলে ধরেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
এ সময় জনপ্রতিনিধিরা তাদের সমস্যার কথা তুলে ধরে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন। সভায় সহকারী কমিশনার ভূমি নাজমুল হাসান বলেন,তাঁর দপ্তরের সেবামূলক কার্যক্রম সেবাগ্রহীতার কাছে দ্রুত পৌঁছে দেওয়ার জন্য কাজ করছেন।এ সময় তিনি বলেন,কোন সেবা প্রার্থী হয়রানি শিকার হলে তাঁর কাছে সরাসরি দেখা করার আহবান জানান।সাংবাদিকদের তথ্য দিয়ে সহযোগিতার আহবান জানান। অফিসার ইনচার্জ মো: শাহীন ফকির জানান,গতমাসে থানায় ১৫টি মামলা হয়েছে। ১০৬ জন জুয়ারি ও ১৭ জন চোরকে গ্রেফতার করা হয়েছে।২৪৫ পিচ ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান,এখন থেকে পুলিশ বাল্য বিবাহ আইনে মামলা করবেন। বাল্য বিবাহ বন্ধ, ইভটিজিং, কিশোরগং,মাদক ও জ্বীন প্রতারণার বিরুদ্ধে তাদের কার্যক্রম আরো জোরদার করা হবে।তিনি বলেন,অচিরেই বিভিন্ন কমিউনিটির লোকজনকে সম্পৃক্ত করে সচেতনতা বৃদ্ধির লক্ষে একাধিক মতবিনিময় সভা করবেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নিরুপম সরকার সোহাগ বলেন,নতুন ভেরিএন্টের করোনা আবার দেখা দিয়েছে। বোরহানউদ্দিনে যক্ষা রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া কুষ্ট রোগী পাওয়া গেছে।তিনি সকলকে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির আহবান জানান। নির্বাহী কর্মকর্তা মোঃ রায়হান উজ্জামান বলেন,জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করে অবৈধভাবে খাল দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, জাটকা শিকার বন্ধে ব্যবস্থা গ্রহণ, এবং শীঘ্রই চৌকিদার নিয়োগ করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান উজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তৃতা করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম ,সহকারী কমিশনার (ভূমি) নাজমুল হাসান , ওসি মো. শাহীন ফকির, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব রাসেল আহমেদ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও বড় মানিকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন হায়দার,টবগী ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, দেউলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান, বোরহানউদ্দিন জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান(মনির), বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাব সভাপতি এইচ.এম.এরশাদ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ প্রমুখ। সভায় মুক্তিযোদ্ধা, সাংবাদিকগনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।