
আবদুল মান্নান তামিম, স্টাফ রিপোর্টার।।
ভোলার তজুমদ্দিন উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান শম্ভুপুর শাহে আলম মডেল কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) কলেজের হলরুমে অনুষ্ঠিত
বিদায়ী শিক্ষার্থীদের দোয়া ও মুনাজাত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মুঈনুদ্দিন হাওলাদার।
শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের নতুন দিগন্তে পা রাখতে যাওয়া শিক্ষার্থীদের শুভকামনা জানাতেই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বনি আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শম্ভুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন হাওলাদার, ভোলা জেলা যুবদলের সহ-সম্পাদক গিয়াস উদ্দিন পাঞ্চায়েত, শম্ভুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান জান্টু হাওলাদার এবং স্বেচ্ছাসেবক দল নেতা রিয়াজ উদ্দিন ফরাজি। এছাড়াও অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এইচএসসি পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং একজন শিক্ষার্থীর স্বপ্ন বাস্তবায়নের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। জীবনে সফল হতে হলে সততা, আত্মবিশ্বাস, অধ্যবসায় এবং কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। তারা শিক্ষার্থীদের সময়ের যথাযথ ব্যবহার, নৈতিক মূল্যবোধ ধারণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার আহ্বান জানান। তারা আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় শম্ভুপুর শাহে আলম মডেল কলেজের শিক্ষার্থীরা কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের মাধ্যমে প্রতিষ্ঠানের সুনাম আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদায়ী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে কলেজ জীবনের অসংখ্য স্মৃতিময় মুহূর্ত, শিক্ষক-শিক্ষিকাদের স্নেহ, দিকনির্দেশনা এবং সহপাঠীদের সঙ্গে কাটানো আনন্দঘন দিনগুলোর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এই প্রতিষ্ঠানের শিক্ষা, শৃঙ্খলা ও মূল্যবোধ তাদের আগামী দিনের পথচলায় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা, সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। দোয়া শেষে শিক্ষক, অভিভাবক ও অতিথিদের শুভকামনায় বিদায়ী শিক্ষার্থীরা নতুন স্বপ্ন, আত্মবিশ্বাস ও প্রত্যয়ের সঙ্গে জীবনের পরবর্তী অধ্যায়ে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।