
পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে দুমকি থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে টোলপ্লাজার সামনে ডিউটি পালনকালে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমান (৩২) নামে ওই যুবককে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত গিয়াস উদ্দিন আকন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়েছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামানো হলে তার সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
স্থানীয়রা জানান, পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ায় মাদক পরিবহন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদককারবারিদের তৎপরতা পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।