
তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল
পটুয়াখালীর বাউফলে অসহায় দুস্থ লোকজনের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছে শিক্ষার্থীদের সংগঠন স্প্রেইড হিউম্যানিটি। আজ মঙ্গলবার (১১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পৌর সদরের ৩ নম্বর ওয়ার্ড এলাকার কলেজপাড়া গুচ্ছ গ্রাম ও তার আশপাশের ১৫টি প্রতিবন্ধী, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করেছেন সংগঠনটির সম্পাদক মন্ডলীর সদস্যরা।
সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক বাউফল সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুহাম্মাদ রুহুল আমিন জানায়, ১৫টি অসহায় পরিবারের দুয়ারে ছোলা, চিড়া, মুড়ি, খেজুর, নুডুলস, চিনিসহ ইফতার ও আগেভাগে কিছু ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের সম্পাদক মন্ডলীর সদস্যরা। সামাজিক ও মানবিক দায়বন্ধতা থেকে ২০২৪ সালের ০৩ অক্টোবর প্রতিষ্ঠার পর ‘স্প্রেইড হিউম্যানিটি’ নামে তাদের কয়েকজন সহপাঠি ও শিক্ষার্থীদের এই সংগঠনটি ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদান, শীতবস্ত্র বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে বিভিন্ন সময়ের নিজেদের গাড়ি ভাড়া ও টিফিনের টাকার একটা অংশ নিয়ে অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদর মাঝে এবার ইফতার ও আগেভাগে সাধ্যমতো কিছু ঈদ সামগ্রী বিতরণ করা হচ্ছে।
ইফতার ও ঈদ সামগ্রী বিতরণকালে সংগঠনের শিক্ষা ও ত্রান সহায়তা সম্পাদক মু. রিফাতসহ সম্পাদক মন্ডলীর মাজহারুল ইসলাম, তানভীর, সুমা ইসলাম নিশি, ফারজানা আক্তার সুমা, মু. কাওছার, লিজা আক্তার, মেহের মারিয়া, জাবের রাসেল, ও রাতুল প্রমুখ উপস্থিত ছিলেন।