
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
নাটোরের কলাপাড়ায় প্রায় তিন লক্ষ টাকা নিয়ে তরমুজ কেনার উদ্দেশ্যে রওনা দেওয়া তরমুজ ব্যবসায়ী মিঠু ও তার সঙ্গীদের উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে। এ সময় হামলাকারীরা স্থানীয়দের ধাওয়া খেয়ে পালিয়ে গেলেও তাদের মধ্যে বেল্লাল জোমাদ্দার নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মার্চ) বেলা ১২টার দিকে কলাপাড়া উপজেলার চাকামইয়া ইউনিয়নের কাছিমখালী গ্রামের আল আমিন হাওলাদারের দোকানদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, নাটোরের তরমুজ ব্যবসায়ী মিঠু ধানখালী ইউনিয়নের সজল মোল্লা ও মাসুম মোল্লার সাথে তরমুজ কেনার জন্য নগদ তিন লক্ষ টাকা নিয়ে চাকামইয়া ইউনিয়ন হয়ে কড়ইবাড়িয়া যাচ্ছিলেন। এ সময় জাকারিয়া ফকির, শাওন ফকির ও বেল্লাল জোমাদ্দার নামে তিন সশস্ত্র ব্যক্তি মোটরসাইকেলে তাদের পিছু নেয়। তারা ধারালো অস্ত্র নিয়ে মিঠু ও তার সঙ্গীদের উপর হামলা চালিয়ে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
হামলার শিকার মিঠু ও তার সঙ্গীরা দ্রুত আল আমিন হাওলাদারের দোকানদার বাড়িতে আশ্রয় নেন। সেখানে স্থানীয় লোকজন হামলাকারীদের ধাওয়া করে। এ সময় জাকারিয়া ফকির ও শাওন ফকির পালিয়ে গেলেও বেল্লাল জোমাদ্দারকে আটক করা সম্ভব হয়। পরে তাকে কলাপাড়া থানার পুলিশের হাতে সোপর্দ করা হয়।
কলাপাড়া থানার ওসি মোঃ জুয়েল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে একজনকে আটক করেছে। হামলাকারীদের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা প্রক্রিয়া চলছে বলে তিনি জানিয়েছেন।
স্থানীয়রা এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।