
এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ
কলাপাড়া উপজেলার ধুলাসার ইউনিয়নের গঙ্গামতি গ্রামে জমিজমা বিরোধের জেরে বড় বোন সায়রা বেগমের অত্যাচারে ছোট ভাই মোঃ সোলেমান ফরাজী চরম বিপাকে পড়েছেন। শুধু তিনিই নন, এলাকাবাসীরাও তাদের নির্যাতন ও ষড়যন্ত্রের শিকার বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (২২ মার্চ) সরেজমিনে গিয়ে জানা যায়, ভুক্তভোগী ও স্থানীয়রা অভিযুক্ত সায়রা বেগম, তার স্বামী বারেক শেখ ও ভাই ইদ্রিস ফরাজীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে ফোরকান মৃধা, ছত্তর ফরাজী, হেলাল মৃধা, শহিদ আকন ও চান মিয়া অভিযোগ করেন যে, সায়রা বেগম পুলিশ ব্যবহার করে ভয়ভীতি দেখাচ্ছেন এবং নিরীহ মানুষদের মিথ্যে অভিযোগ দিয়ে হয়রানি করছেন।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে, যার জেরে ছোট ভাই মোঃ সোলেমান ফরাজীসহ অনেকেই শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে সায়রা বেগম ও তার পরিবারের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করুক, যাতে সাধারণ মানুষ স্বস্তিতে থাকতে পারে।
এ ব্যাপারে মহিপুর থানার ওসি’র ব্যবহৃত মোবাইল নাম্বারে ফোন দিলে তিনি রিসিভ করেননি, তাই তার বক্তব্য দেওয়া যায়নি।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ও ভুক্তভোগীরা আইনের আশ্রয় নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।