
রুবেল আশরাফুল , চরফ্যাশন
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় ৩শ কৃষক পরিবারের প্রায় ২৩ একর কৃষি জমি দখল নেওয়ার অভিযোগ পাওয়া গেছে দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের বিরুদ্ধে।
সোমবার (২৩ জুন) দুপুরে উপজেলার চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড দক্ষিণ আইচা গ্রামে এই জমি দখলের ঘটনা ঘটে।
খবর পেয়ে ওইদিন বিকালে আলাউদ্দিন নামে এক কৃষক ঘটনাস্থলে গিয়ে বাঁধা দিলে তার ওপর অতর্কিত হামলা চালানো হয়। ওইসময় তাকে উদ্ধার করতে গেলে তার বোন জামাই কৃষক মো.হালিম গাজীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে যুবদল নেতা ইকবাল হাওলাদার ও তার লোকজন। পরে দু’জনকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। তাদের মধ্যে হালিম গাজীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।
তারা হলেন-উপজেলা চরমানিকা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মজিরুল ইসলামের ছেলে আলাউদ্দিন। এবং একই ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হোসেন গাজীর ছেলে হালিম গাজী।
অভিযুক্ত দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদার ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জালাল আহম্মেদ হাওলাদারের ছেলে।
বৃহস্পতিবার দুপুরে কৃষক আলাউদ্দিন অভিযোগে জানান, বাংলাদেশ সরকারের কাছ থেকে ২০০৫-৬ সনে প্রায় ২৩ একর জমি আমি সহ প্রায় ৩শ কৃষক বন্দোবস্ত নিয়ে সবাই ওই জমিতে চাষাবাদ করে আসছি। হটাৎ গত সোমবার দুপুরে দক্ষিণ আইচা থানা যুবদলের সভাপতি ইকবাল হাওলাদারের নেতৃত্বে প্রায় ৩ শ লোকজন সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বেআইনিভাবে জমিতে প্রবেশ করে টিলার নামিয়ে চাষাবাদ শুরু করেন। ওইসময় খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি বাধা দিলে ইকবাল হাওলাদারের লোকজন আমার ওপর হামলা চালায়। তখন আমার বোন জামাই হালিম গাজী আগাইয়া আসলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হালিম গাজীর অবস্থা বেগতিক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল রেপার করেন দায়িত্বরত চিকিৎসক। তার মাথায় ১৮ টি সেলাই লেগেছে। এবং ডান হাত ভেঙে গেছে। ঘটনার তিনদিন অতিবাহিত হলেও এখনো জ্ঞান ফিরেনি বোন জামাই হালিম গাজীর।
তিনি আরও জানান, এই ঘটনায় বুধবার রাতে আমাদের পরিবারের পক্ষ থেকে দক্ষিণ আইচা থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত পুলিশ আসামীদের গ্রেফতার করেনি। যুবদল নেতা ইকবাল হাওলাদার ও তার লোকজন প্রতিনিয়ত অস্ত্রের মহড়া দিয়ে চরমানিকা ৬ নম্বর ওয়ার্ড বেড়িবাঁধের বাহিরে প্রায় ৩ শ কৃষকের জমিতে টিলার নামিয়ে জোরপূর্বক চাষাবাদ করে আসছেন। তাদের আতঙ্কে রয়েছে পুরো গ্রামবাসী।
অভিযুক্ত যুবদল নেতা ইকবাল হাওলাদারকে ফোনে কল করা হলে তিনি মুঠোফোনে জানান, শুনছি জমি নিয়ে দুগ্রুপের সংঘর্ষ হয়েছে। ঘটনার সময় আমি উপস্থিত ছিলান না। কে বা কাহারা হালিম গাজীকে হামলা করেছে জানতে পারি নাই। আমার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হচ্ছে তা সঠিক নয়।
দক্ষিণ আইচা থানার ওসি এরশাদুল হক ভূইয়া বলেন, জমি দখল ও হামলার ঘটনায় আহত পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা নেয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।