
রুবেল আশরাফুল, চরফ্যাশন
ভোলার চরফ্যাশনে ঘুরতে আশা তিন পর্যটককে দফায় দফায় মারধর করে তাদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন ও বিকাশের নগদ ১৫ হাজার টাকা নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। বখাটেরা তিন পর্যটককে নির্জন স্থানে ডেকে নিয়ে মারধর ও ভয়ভীতি দেখিয়ে এসব কিছু হাতিয়ে নেন।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর ২টার দিকে চরফ্যাশন স্টেডিয়ামের মধ্যে এ ঘটনা ঘটে।
তিন পর্যটক হলেন-ভোলার বোরহানউদ্দিন উপজেলার কতুবা ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের কলেজ পড়ুয়া পবন (১৯), বিজয় দাস (১৯) ও অভি (১৫)। তারা তিনজন বন্ধু বলে জানা গেছে।
ভুক্তভোগী পবনের বড়ভাই শুভ অভিযোগে বলেন, তারা তিন বন্ধু মিলে চরফ্যাশনে ঘুরতে আসেন। পরে ফ্যাসন স্কয়ার হয়ে জ্যাকব টাওয়ারের সামনে গেলে স্থানীয় ৪/৫ জন বখাটে তাদেরকে (পর্যটকদের) ডেকে নিয়ে যায় চরফ্যাশন জুডিশিয়াল আদালত ভবনের পুর্বপাশ্বের নির্জন স্টুডিয়ামের ভিতরে, সেখানে নিয়ে তাদেরকে মারধর করেন। এবং ৩০ হাজার টাকা মুক্তিপন দাবি করেন। পরে পবনের বিকাশে থাকা ৫ হাজার টাকা নিয়ে দ্বিতীয় দফায় আবার মারধর শুরু করেন। এসময় ভুক্তভোগীরা নিরুপায় হয়ে বাড়িতে থেকে বখাটেদের বিকাশে আরো ১০ হাজার টাকা আনেন। এরপরেও ক্ষান্ত হননি তারা, ভুক্তভোগীদের ব্যবহারকৃত ২টি মোবাইল ফোন নিয়ে তাদের ছেড়ে দেন।
তিনি আরও বলেন, বখাটের বিকাশ নাম্বারের সুত্র ধরে ওই নাম্বার ব্যবহারকারির নাম ও ছবি পাওয়া যায়। আমরা অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার জন্য থানায় অভিযোগ প্রক্রিয়াধীন রয়েছে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেলে খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।