
স্টাফ রিপোর্টার
ভোলার তজুমদ্দিন উপজেলায় নিজের বিরুদ্ধে চলা ‘পরিকল্পিত অপপ্রচারের’ প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চর মোজাম্মেল ব্লকের নেতা আলী আজগর।
শনিবার (১৮ জুলাই, ২০২৬) দুপুরে তজুমদ্দিন প্রেসক্লাবে আয়োজিত এই সংবাদ সম্মেলনে তিনি তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলী আজগর দাবি করেন, গতকাল তার বিরুদ্ধে একটি অসাধু চক্র তার রাজনৈতিক ও সামাজিক অবস্থান ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেন। তারা ফেসবুকসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দিচ্ছে।
তিনি অভিযোগ করেন, অপপ্রচারকারীদের একটি অংশ গত ফ্যাসিস্ট আমলে এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত ছিল এবং ৫ আগস্টের পর এলাকা থেকে পালিয়ে গিয়েছিল। বর্তমানে কিছু সুযোগসন্ধানী ব্যক্তির সহায়তায় তারা পুনরায় ফিরে এসে সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন চালাচ্ছে। তিনি এ কর্মকাণ্ডের প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।
লিখিত বক্তব্যে আরও উল্লেখ করা হয়, চর মোজাম্মেলের সাধারণ কৃষকদের ওপর হামলার ঘটনায় শরিফ ও বাচ্চু নামের দুই ব্যক্তির বিরুদ্ধে তজুমদ্দিন থানায় মামলা রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ‘কৃষাণীর গায়ে টিলা চাপিয়ে দেওয়ার’ ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আলী আজগর। তিনি বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো উদ্দেশ্যপ্রণোদিত এবং তাকে সামাজিকভাবে হেয় করার নীলনকশা।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।