
দুমকি(পটুয়াখালী) প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে মালিক ও শ্রমিকপক্ষের বাঁধার মুখে ফেমাস ব্রিক্স নামের একটি অবৈধ ইটভাটার উচ্ছেদ অভিযান পন্ড হয়ে গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার লোহালিয়া নদী তীরের সন্তোষদি এলাকার ‘ফেমাস ব্রিক্সে স্ক্যাভেটর মেশিন নিয়ে উচ্ছেদ অভিযান চালায় জেলা প্রশাসন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, পটুয়াখালী জেলার নির্বাহি মেজিষ্ট্রেট নুরুল আক্তার নিলয় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের একটি টিম বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্ক্যাভেটর মেশিন নিয়ে সন্তোষদি এলাকার খাস ও ফসলী জমিতে নির্মিত ফেমাস ব্রিক্স‘র চিমনি চুল্লিসহ আংশিক গুড়িয়ে দেয়। এসময় ওই ইটভাটায় থাকা মালিক ও শ্রমিকরা উগ্রমূর্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট, পুলিশসহ টিমের অন্যান্যদের তেড়ে যায়। শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ধাওয়া-পাল্টা ধাওয়ায় সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়। উত্তেজিত শ্রমিকরা ওই সময়ে স্ক্যাভেটর চালককে মারধরও করে। এঅবস্থায় অভিযান স্থগিত রেখে তারা (অভিযান টিম)চলে যান। মালিক পক্ষের অভিযোগ, প্রশাসনের দাবিকৃত টাকা না দেয়ায় বিনে নোটিশে উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে।
এবিষয়ে নির্বাহি ম্যাজিষ্ট্রেট নূরুল আখতার নিলয় মুঠোফোনে জানান, অবৈধ ইটভাটার চিমনি গুড়িয়ে দেয়া হয়েছে। হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি ঊর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা এ বিষয়ে ব্যাবস্থা গ্রহন করবেন।