
দুমকী (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে র্যাগিংয়ের দায়ে ২০ছাত্রকে বহিষ্কার ও অর্থদন্ড করায় শাস্তি প্রত্যাহারের দাবিতে কেরামত আলী হলের প্রভোস্ট প্রফেসর ড.আবদুল্লাহ আল মামুন,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড.জিল্লুর রহমান,শেরে বাংলা হলের প্রভোস্ট প্রফেসর আবদুল মালেক,প্রভোস্ট কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মাসুদুর রহমান এবং ডিএসবির একজন পুলিশ সদস্য সহ কয়েকজন শিক্ষককে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা।
শুক্রবার সন্ধ্যা ৭.০০টা থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ৯:৩০ পর্যন্ত তাদের অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এর আগে গত শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হলে অবস্থানরত স্নাতক প্রথম বর্ষের (২০২৩-২৪) সেশনের শিক্ষার্থীরা র্যাগিং এর শিকার হয়। এ ঘটনায় গত ২৪ নভেম্বর বিকেলে শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড.আসাদুল হককে আহবায়ক এবং প্রক্টর প্রফেসর আবুল বাশার খানকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির তদন্ত রিপোর্টের ভিত্তিতে ২৮ নভেম্বর ২০ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও অর্থদন্ড করে প্রশাসন। এর প্রতিবাদে ছাত্রবিষয়ক উপদেষ্টাসহ কয়েকজন শিক্ষককে এম কেরামত আলী হলে অবরুদ্ধ করে রাখে শিক্ষার্থীরা।