
মাহমুদুর রহমান রনি, পাথরঘাটা
বরগুনার পাথরঘাটা চরদুয়ানীতে ‘নারীর সম অধিকার সম সুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ ‘ প্রতিপাদ্যে ব্যতিক্রমী নারী দিবস পালন করেছে শতাধিক নারী। এতে অন্তত ২০ নারী, নারী উদ্যোক্তা তাদের উঠে আসার গল্প শুনান।
এ অনুষ্ঠান দিনব্যাপী চলে পাথরঘাটা উপজেলার চরদুয়ানি ইউনিয়নের হোগলাপাশা গ্রামের শিপন মিস্ত্রি বাড়িতে। এর আগে শুক্রবার সকাল ১০ টায় সিসিডিবির এনগেজ ও পিসিআরসিবি ফেস -২ প্রকল্পের সহযোগিতায় র্যালি মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় । আলোচনা সভা,ক্রীড়া প্রতিযোগিতা ও সংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় । অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
নারী উদ্যোক্তা রুবি আফরোজ, তুলসী রানী, কমলা রানী, রহিমা বেগম তাদের পরিবারের সকল কাজ শেষ করে পারিবারিক কৃষি নারী দলের নেতৃত্ব নারী নির্যাতন প্রতিরোধ সহ নানা সামাজিক কাজে অগ্রগতির বাস্তব অভিজ্ঞতা ও সিসিডিবির সাথে সংযুক্ত হওয়ার গল্প তুলে ধরেন। তারা বলেন নারীদের অধিকার নারীদেরই অর্জন করতে হয় যার বাস্তব উদাহরণ এখানে উপস্থিত নারী।
এ সময় উপস্থিত ছিলেন, চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান জুয়েল, পাথরঘাটা কলেজের প্রভাষক বেলাল হোসেন, সিসিডিবির উপজেলা সমন্বয়কারী সুব্রত মিস্ত্রি, সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, ইউপি সদস্য সোনালী বেগম,এনগেজ প্রকল্পের এর প্রোগ্রাম অফিসার অভিজীৎ মজুমদার রতন।
এসময় বক্তারা নারীদের সমঅধিকার ও সমসুযোগ সৃষ্টিতে পুরুষদের ভূমিকার কথা উল্লেখ করেন। বৃহত্তর নারী জনগোষ্ঠি বাদ দিয়ে দেশের সামগ্রিক উন্নয়ন কখনো সম্ভব নয় এ ব্যাপারেও গুরুত্বারোপ করা হয়। এক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদের বাজেটে নারীদের জন্য আলাদা বাজেট বরাদ্দের দাবী জানানো হয়।নারীদের অগ্রযাত্রা বা নারীদের প্রতি বিনিয়োগে সর্বপ্রথম স্থানীয় সরকারকে এগিয়ে আসতে হবে।