
তৌহিদ হোসেন উজ্জ্বল, বাউফল
পটুয়াখালীর বাউফলের কালাইয়া নৌ পুলিশের আয়োজনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, নৌপথে নিরাপত্তা জোরদার এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) বেলা ১১টায় কালাইয়া নৌ পুলিশের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দশমিনা নৌ পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফেরদৌস আহমেদ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ হেডকোয়াটার ঢাকার অতিরিক্ত ডিআইজি (দক্ষিণ বিভাগ) প্রবীর কুমার রায় পিপিএম, পুলিশ সুপার নৌ পুলিশ বরিশাল অঞ্চলের নাজমুল হক, পটুয়াখালী জেলা সহকারী পুলিশ সুপার সব্রসাচী, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সিরাজুল ইসলাম সহ স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, জেলে, নৌযান মালিক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নৌপথে চুরি, ডাকাতি, অবৈধ বালু উত্তোলন, মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে নৌ পুলিশের কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
নৌ পুলিশের কর্মকর্তারা বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, অপরাধ দমন এবং সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তারা উপস্থিত সবাইকে আইন মেনে চলা এবং সন্দেহজনক কোনো ঘটনা ঘটলে দ্রুত নৌ পুলিশকে অবহিত করার আহ্বান জানান।
সভায় অংশগ্রহণকারীরা নৌপথের নিরাপত্তা, জেলে ও নৌযান সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন নৌ পুলিশের কর্মকর্তারা।###