
এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন
চায়ের সাথে নেশাদ্রব্য খাইয়ে ভোলার বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকা থেকে অটোরিকশা ছিনতাই করার অভিযোগ পাওয়া গেছে। বড় মানিকা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কবিরাজ বাড়ির আব্দুর রহমানের ছেলে রাশেদ(১৮) এর অটোরিকশা ছিনতাই করেছে।
শনিবার বিকাল আনুমানিক ৩ টায় মনিরাম বাজার এলাকা থেকে অটোরিকশা ছিনতাই করার ঘটনা ঘটে।
স্থানীয়রা অজ্ঞান অবস্থায় অটোরিকশা চালক রাশেদকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করে।
হাসপাতালে চিকিৎসারত থাকা অটোরিকশা চালক রাশেদ জানান, রানিগঞ্জ বাজার থেকে ৪ জন যাত্রী মনিরাম বাজার যাওয়ার কথা বলে তার অটোরিকশাটি ভাড়া করেন তারা। মনিরাম বাজারে যাওয়ার পরে তাদের অনুরোধে চা পানকরেন তিনি। চা খাওয়ার কিছুক্ষণ পরেই কুঞ্জেরহাট বাজারে যাওয়ার কথা বলেন তার সাথে থাকা যাত্রীরা। কুঞ্জেরহাট বাজারের উদ্দেশ্য রওয়ানা করে কিছুক্ষন যাওয়ার পরেই অজ্ঞান হন অটোরিকশা চালক রাশেদ। হঠাত হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন বলে দেখেন তিনি। তাকে চায়ের সাথে নেশাদ্রব্য পানকরিয়ে অটোরিকশাটি ছিনতাই করেছে তার অটোরিকশায় থাকা যাত্রীরা। রোজগারের অটোরিকশাটি হারিয়ে অসহায় হয়ে পড়েছে চালক রাশেদের পরিবার।