
এম এ অন্তর হাওলাদারঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই”—এই স্লোগানকে ধারণ করে তারুণ্যের উৎসব ২০২৫ ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভোলার বোরহানউদ্দিনে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১৮ আগস্ট সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান।
অনুষ্ঠানে বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান উজ্জামান বলেন, “একজন ছাত্রের সাফল্যের পেছনে শিক্ষক-অভিভাবকসহ অনেকের অবদান থাকে। আমি এমন অনেক অভিভাবক দেখেছি যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্তানের পাশে থাকেন। শিক্ষকরাও তাদের সর্বোচ্চ চেষ্টা করেন। তোমাদের এই সাফল্যে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাই।”
তিনি উপস্থিত শিক্ষার্থী ও অভিভাবকদের আগামীতে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবসময় পাশে থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ নাজমুল ইসলাম। অনুষ্ঠানে প্রায় ৮০ জন জিপিএ–৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর হাতে ক্রেস্ট প্রদান করা হয়।