
এইচ.এম.এরশাদ, বোরহানউদ্দিন
ভোলার বোরহানউদ্দিনে ৩ জ্বীন প্রতারককে আটক করেছে থানা পুলিশ। (৩০ এপ্রিল) মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে কাচিয়া ইউনিয়নের পদ্মামনসা এলাকা থেকে এসআই মোঃ মনির হোসেন, এসআই মোঃ সুজন ফকির, এএসআই মেহেদীসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। আটককৃতরা হলেন, মোঃ ফয়সাল(২৫),মো: রাকিব জমাদ্দার (২৪),মো: বাহাদুর পাটোয়ারী (২৬)। তারা বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের বাসিন্দা।
তারা জ্বিন বাবা, আলী বাবা ও কুফরি বাবা, কালিবাবাসহ জ্বিনের বাদশা পরিচয়ে ফেইসবুক ও ইউটিউবসহ বিভিন্ন স্থানে মোবাইল নাম্বারসহ বিজ্ঞাপন দেয়। ওই বিজ্ঞাপনে সকল সমস্যার সমাধান করা হয় বলে প্রচার প্রচারনা করেন প্রতারক চক্রটি। প্রতারক চক্রের মোবাইল নাম্বারে ফোন দিলেই প্রতারণার শিকার হন ভুক্তভোগীরা। প্রথমে জ্বীন-ভূতকে আসরে আনতে ৫০০ টাকা বিকাশে আনেন প্রতারক চক্রটি। কিছুক্ষণ পরে জ্বীন-ভূত আসছে বলে কন্ঠ চেইঞ্জ করে মিষ্টি খাওয়ার জন্য ২ হাজার টাকা বিকাশে আনেন ওই চক্রটি। এবার কথার ছলে স্বর্ণের পাতিল দিবেন বলে লোভে বস করেন অপর প্রান্তে মোবাইলের লাইনে থাকা অসহায় পরিবার গুলোকে। রাতে জ্বীন ভুত মিষ্টি খাবে বলে তৃতীয় ধাপে বিকাশে আনেন টাকা।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান, জ্বীন প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।