
মো. সবুজ, ভোলা:
ভোলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল শহিদ পন্ডিত (৬০) নামের এক বৃদ্ধকে মারধর করে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তারই প্রতিপক্ষ হারুন ও সাহিদা গংদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চর ভেদুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুল শহিদ পন্ডিত ওই গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, আব্দুল শহিদ পন্ডিত তার স্ত্রী ছকিনা বেগমের (খাদিজা) নামে ১৯৭৫ সালে সরকারি খাসজমি বন্দোবস্ত নিলামের মাধ্যমে ১ একর ৬০ শতাংশ জমি ক্রয় করেন। এরপর থেকে সেই জমি তিনি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। গত ২০২০ সালের দিকে ওই জমি দেখাশোনার জন্য সাহিদা ও হারুন দম্পতিকে ওই জমিতে ঘর করে থাকার জায়গা দেন। এরপর থেকেই তারা ওই জমি জোরপূর্বক জবরদখলের পায়তারা করেছে। এছাড়াও ওই জমি তাদের দাবী করে গেলো বছর আব্দুল শহিদ পন্ডিতের নামে একটি মামলাও দায়ের করেছেন।
আব্দুল শহিদ পন্ডিত অভিযোগ করে বলেন, জমি নিয়ে তারা মামলা করার পর আদালত আমার পক্ষে রায় দিয়েছে। তাই তারা ক্ষিপ্ত হয়ে গতকাল উপর হামলা করে।
তিনি আরো জানান, দুপুরে তরমুজের মাঠ থেকে তরমুজ বিক্রি করে ১ লক্ষ ৭৫ হাজার টাকা নিয়ে ফেরার পথে সাহিদা হারুনসহ ৮ থেকে ১০ জনের একটি দল হঠাৎ তার পথ গতিরোধ করে মূখে গামছা লাগিয়ে টেনেহিঁচড়ে নিয়ে মারধর করে তার সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে খবর পেয়ে তার স্বজনরা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেয়।
এদিকে অভিযুক্ত সাহিদা ও হারুন অভিযোগ অস্বীকার করে জানান, ওই জমিটি তাদের, কাগজপত্রে জমিটি তারা প্রাপ্য। শহিদ পন্ডিত তাদের বিভিন্ন সময় হয়রানি করে আসছে। গতকাল ওই জমিতে শহিদ পন্ডিতের সাথে কথা-কাটাকাটি হয়। মারধর ও টাকা ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে জানতে চাইলে তা সম্পন্ন মিথ্যা বলে দাবী করেন অভিযুক্ত সাহিদা ও হারুন গং।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো.হাছনাইন পারভেজ জানান, এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।