
মো. সবুজ, ভোলা:
ভোলায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি কর্মশালা করেছে কোস্টগার্ড দক্ষিন জোন।
বৃহস্পতিবার (২৬ জুন) সকালে কোস্টগার্ড দক্ষিন জোনের বিসিজি বেইজ ভোলায় ‘তারুণ্যের উৎসব-২০২৫’শীর্ষক আলোচনায় এই কর্মশালা ও কার্যক্রম পরিচালনা করা হয়।
কোস্টগার্ড দক্ষিন জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মানুষের জান মাল রক্ষায় দুর্যোগকালীন সময়ে উদ্ধার অভিযান, ত্রান বিতরণ, জরুরি চিকিৎসা সেবা ও ক্ষতিগ্রস্তদের পাশে থেকে তাদের পূর্নবাসনের কাজ করে যাচ্ছে কোস্টগার্ড দক্ষিন জোন। এছাড়াও দুর্যোগকালীন সময়ে জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ক্ষয়ক্ষতি এড়াতে কাজ করছে কোস্টগার্ড।
তিনি আরও জানান, দুর্যোগকালীন সময়ে সচেতনতার অভাবে প্রানহানীর মত বড় দুর্ঘটনার শিকার হয় সাধারণ মানুষ। তাই দুর্যোগকালীন সময়ে নিজেদের আত্নরক্ষায় নিরাপদ স্থানে গিয়ে অবস্থান করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানুষের পাশে থেকে এমন জনসচেতনতা মূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সদস্যরা এবং বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী, কিশোর, তরুণরা।