
মো. সবুজ, ভোলা
ভোলা সদর উপজেলার চর চটকীমারা সংলগ্ন ভোলা-মেহেন্দিগঞ্জে সীমানা নিয়ে বিরোধের জেরে একদল ভূমিদস্যুতা করে জমি জবরদখলের অভিযোগে মানববন্ধন করেছে ওই এলাকার ভুক্তভোগীরা।
রোববার (২৩ ফেব্রুয়ারী) দুপুর ১২ টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন। মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা।
মানববন্ধন অংশ নেওয়া রুবেল, ইব্রাহিম, খালেকরা জানান, ২০০১ সাল থেকে ভোলা- মেহেন্দিগঞ্জ নিয়ে বিরোধ চলে আসছে। ওই সময় ওই এলাকার কিছু ভূমিদস্যুরা আমাদের এলাকার ৩টি গুচ্ছ গ্রামে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। এবং আমাদের ১ থেকে দেড় হাজার গরু মহিষ নিয়া যায়। এরপর তৎকালীন এমপি,বিভাগীয় কমিশনার ও এসিল্যান্ডদের সহায়তায় ভোলা- মেহেন্দিগঞ্জের চর চটকীমারার একটি রাস্তা তৈরির মাধ্যমে সীমানা নির্ধারন করে দেওয়া হয়। পরে এলাকাবাসী শান্তিপূর্ণ বসবাস করলেও গত ১০ থেকে ১৫ বছর ধরে কাজি সাখাওয়াত হোসেন রুবেল এর নেতৃত্বে একটি দল সক্রিয়ভাবে ভূমিদস্যুতা করে আসছে।
অলিউল্লাহ মাস্টার জানান, নির্ধারন করে দেওয়া সীমানা অতিক্রম করে ভোলার মানুষের আবাদী জমি জোরপূর্বক দখল করে নিয়ে যায় ভূমিদস্যু রুবেল কাজি। তাদের হাত থেকে ভোলার মানুষের গরু মহিষ কিছুই রেহাই পাচ্ছে না। দুই থেকে তিন কিলোমিটার জায়গায় ঢুকে জোড় করে জমি দখল করছে।
খোঁজ নিয়ে জানা যায়, কাজি সাখাওয়াত হোসেন রুবেলের নেতৃত্বে একটি ভূমিদস্যু বাহিনী রয়েছে। তারা রাতের আধারেও এক্সকেভেটার দিয়ে জমির মাটি কেটে নিয়ে যায়। তার বিরুদ্ধে মূখ খুললেই চালানো হয় সন্ত্রাসী তান্ডব।
এ বিষয়ে ভোলা জেলা প্রশাসক আজাদ জাহান বলেন, স্মারকলিপি পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হবে।