
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহন উপজেলায় অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ওয়াইবিএল নামে এক ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকায় অবস্থিত ওই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ। এ সময় তিনি জ্বালানী হিসেবে অবৈধভাবে কাঠ পোড়ানোর দায়ে ওই ইটভাটার চিমনিও বন্ধ করে দেন।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ বলেন, দীর্ঘদিন ধরে এই ইটভাটায় জ্বালানী হিসেবে অবৈধভাবে কাঠ পোড়ানো হচ্ছিল। শুক্রবার সরেজমিনে গিয়েও তার প্রমাণ পাওয়া গিয়েছে। যার জন্য ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, এরআগে গত মঙ্গলবার (৪ঠা মার্চ) একই অভিযোগে লালমোহন উপজেলার বদরপুর ইউনিয়নের মাহি ব্রিকস নামে আরও একটি ইটভাটায় অভিযান চালানো হয়েছে। ওই ইটভাটায়ও কাঠ পোড়ানোর দায়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে ওই ইটভাটার চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।