জাহিদ দুলাল, লালমোহন
ভোলার লালমোহনে জমি সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুল ছাত্রী ও তার মাকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চরভূতা ইউনিয়নের ৮নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আহত স্কুল ছাত্রীর নাম সোনিয়া, সে স্থানীয় হাজীগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ও ওই এলাকার গনি মাতাব্বর বাড়ির মো: দুলালের মেয়ে।
সোনিয়ার বাবা মো: দুলাল বলেন, বাড়ির কাছে এক টুকরো এজমালি জমিতে কয়েকটি সুপারি গাছ আছে। এবার ওই সুপারিগুলো একই বাড়ির শাহে আলম গংরা একাই নিয়ে যায়। এ নিয়ে স্থানীয় শালিসগণ তাদেরকে জিজ্ঞেস করলে আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে গালমন্দ শুরু করে শাহে আলম গংরা। এতে বারণ করলে আমার ঘরের সামনে এসে মেয়ে ও স্ত্রী পারভীন বেগমকে বেধড়ক মারধর করে শাহে আলম ও তার ছেলে রিপন।
তিনি আরও বলেন, এ ঘটনায় লালমোহন থানায় অভিযোগ দিলেও স্থানীয় গণমান্য ব্যক্তিদের পরামর্শে এলাকায় ফয়সালায় রাজি হই। এরই মধ্যে হামলাকারীরা থানায় গিয়ে আমাদের নামে উল্টো অভিযোগ করার পায়তারা শুরু করে।
তবে স্কুল ছাত্রীকে মারধরের অভিযোগ অস্বীকার করে শাহে আলমের ছেলে রিপন বলেন, তারা উল্টো আমার গর্ভবতী স্ত্রীকে মারধর করেছে।
লালমোহন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. এনায়েত হোসেন বলেন, এ ঘটনায় উভয়পক্ষ থেকে অভিযোগ পেয়েছি। বিষয়টি স্থানীয় পর্যায়ে মিমাংসাধীন রয়েছে।