
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ভোলার লালমোহনে উপজেলা ও পৌরসভা যুবদলের আয়োজনে আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালিত হয়।
রবিবার সকাল ১১টায় লালমোহন উপজেলা অডিটোরিয়ামে সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। এসময় তিনি বলেন, আওয়ামী লীগ সরকার বিগত ১৬ বছরে হত্যা, গুম, মিথ্যা মামলা ও সন্ত্রাস কায়েম করে এদেশের মানুষের জীবনকে অতিষ্ট করে তুলেছে। এবার আল্লাহর গজব এদের উপরে পড়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়ে আবার ক্ষমতায় বসার পরিকল্পনা করছে। তাদের পরিকল্পনা আর সফল হবে না। বিএনপি সংগ্রাম চালিয়ে নাগরিকগণকে সচেতন করেছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন। দেশের সব ক্রান্তিকালে ও দেশ গড়ার কাজে যুবদলের ভূমিকা প্রশংসনীয়। প্রত্যেকটি নেতা-কর্মীকে সচেতন থাকতে হবে। নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজ করতে হবে।
উপজেলা যুবদলের সিঃ সহসভাপতি মোসলেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম বাবুল, পৌরসভা বিএনপির আহবায়ক ছাদেক মিয়া ঝান্টু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ ফরিদ উদ্দিন, সোহেল আজীজ শাহীন, সফিউল্যাহ হাওলাদার, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. জাকির হোসেন ইমরান, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান হাওলাদার। সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কাজী হসানুজ্জামান ও পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী নাফিজ।