
রুবেল চক্রবর্তী, তজুমদ্দিন
জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সাংসদ মেজর অব:হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, বাংলাদেশের সমাজ ব্যবস্থা এমন হয়ে গেছে ভালো লোকের নির্বাচনে দাঁড়াবার সুযোগ কমে আসছে। যারা গুলি করে মানুষ মেরেছে, তাদের সাথে নির্বাচন করা লজ্জার বিষয় ছিলো। তিনি ইথিওপিয়ার রাস্ট্রের মানুষের সততার সাথে তুলনা করে বলেন আমরা কোথায় চলে গেছি! এখানে সমাজের নিকৃষ্ট লোকটা এমপি মন্ত্রী হয়। সবচেয়ে বড় দুর্নীতিবাজ সমাজের নেতা হয়েগেছে। তারা খুন গুম অন্যায় অত্যাচার করে ক্ষমতায় টিকে ছিলো। ১৫ বছরের অত্যাচার নির্যাতন ও দুঃশাসনের হোতা থেকে আল্লাহর আমাদের মুক্ত করেছেন। মেজর অবঃ হাফিজ আরো বলেন আওয়ামী লীগ সেয়ানা দল, শেখ পরিবার থেকে একজনও গ্রেফতার হয়নি।
বৃহস্পতিবার (২১ অক্টোবর) তজুমদ্দিন উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে এসব কৎা বলেন। এসময় তিনি শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে কয়েকটি পুজা মন্ডপ পরিদর্শন করেন।
উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াসমিন প্রমূখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম IPU-এর মতো একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থার এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়া শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, এটি পুরো বাংলাদেশের জন্য গৌরবের। তার এই অর্জনে বিশ্ব দরবারে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে।
এসময় স্পিকার উপজেলার ৫৩ জন অসহায় দুস্থ ও প্রতিবন্ধীকে দশ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেছেন স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন। তজুমদ্দিন উপজেলার কেন্দ্রীয় শ্রী শ্রী কালী বাড়ী বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি সনাতনী সমাজের নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কুশল বিনিময় করেন এবং শারদীয় শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময়কালে স্পিকার মেজর (অবঃ) হাফিজ উদ্দিন বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমান কাল ধরে এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। শারদীয় দুর্গোৎসব কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে।
তিনি আরও বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় তজুমদ্দিনে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপিত হয়েছে এবং সরকার সকল ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।
এ সময় উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি,অরবিন্দু দে টিটু, সাধারণ সম্পাদক স্বপন চন্দ্র দাস,স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা।
পরে তিনি বিভিন্ন পূজা মণ্ডপের জন্য শুভেচ্ছা উপহার বিতরণ করেন এবং পূজার সার্বিক খোঁজ-খবর নেন।তজুমদ্দিনে হিন্দু সম্প্রদায়ের মন্দিরের উন্নয়ন ও শ্মশান ঘাট নির্মানের আশ্বাস দেন।