
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর শহীদুল হাসান শাহীনের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে আয়োজিত মানববন্ধন ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও হট্টগোলের সৃষ্টি হয়েছে। বদলি আদেশ প্রত্যাহার ও বহাল রাখার দাবিতে দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে এ পরিস্থিতির সৃষ্টি হয়।
শনিবার (১৭ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘দুমকি উপজেলার সর্বস্তরের জনগন’র ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডা: জিএম এনামুল হকের নেতৃত্বে চিকিৎসক, নার্স, কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মীবৃন্দ, বিভিন্ন ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টেটিভবৃন্দ, ডায়াগনস্টিক মালিকেরা অংশ নেন।
মানববন্ধন চলাকালে স্থানীয় জনতার অপর একটি অংশ বদলি আদেশ প্রত্যাহারের দাবির বিরোধিতা করেন। তারা বলেন বিগত ২৩ বছর ধরে ডা: শাহীনের নেতৃত্বে বিশাল একটি সিন্ডিকেট তৈরি হয়ে হাসপাতালের চিকিৎসা ব্যবস্থাকে কুক্ষিগত করেছে। ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ওয়াসিমের নেতৃত্বে স্থানীয়রা ডা. শাহীনের বদলি আদেশ বহাল রাখার দাবি জানান। তারা জানান, হাসপাতালে ধারনক্ষমতার চেয়েও এই মুহুর্তে রোগী বেশি থাকায় এমনিতেই রোগীদের সেবা পেতে দায় হয়ে যাচ্ছে, তার মধ্যেই বদলীকৃত ডা: শাহীনের বদলী ঠেকাতে তার অনুসারী ডা: এনামুলের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে ঘন্টা ব্যপি এই মানববন্ধন আয়োজন করা হয়েছে। এমনকি উপজেলায় থাকা কমিউনিটি ক্লিনিকের মাঠকর্মীদেরও এখানে উপস্থিত করা হয়েছে, অর্থাৎ পুরো উপজেলার স্বাস্থ্যসেবা ব্যহত করে তারা এই মানববন্ধন এর আয়োজন করেছেন। স্থানীয় বিভিন্ন ডায়াগনস্টিক মালিকদের দিকে আঙুল তুলে তারা বলেন, এখানে ডায়াগনস্টিক মালিকদের স্বার্থ কি! তারা কেন এখানে এসে সরকারী সিদ্ধান্ত উপেক্ষা করে এই মানববন্ধন করছেন? এ সময় দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যে উত্তেজনার সৃষ্টি হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সৈয়দ শাহ আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জসিম,উপজেলা যুবদলের সাবেক আহবায়ক মো. জসিম উদ্দিন, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার চিকিৎসক জি এম এনামুল হক, কমিউনিটি মেডিকেল অফিসার ডা: জাহিদ, কমিউনিটি মেডিকেল অফিসার কাজী ফাবিয়া জাহান, ডায়াগনস্টিক মালিকবৃন্দ ও বিভিন্ন ঔষধ কোম্পানির প্রতিনিধিগন।
বক্তারা ডা. মীর শহীদুল হাসান শাহীনকে একজন মানবিক ও জনবান্ধব চিকিৎসক হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, উপজেলার সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্যসেবার ধারাবাহিকতা বজায় রাখতে তাঁর দায়িত্বে থাকা প্রয়োজন।
বক্তারা আরও বলেন, সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার স্বার্থে ডা. শাহীনের বদলি আদেশ পুনর্বিবেচনা করা উচিত। এ সময় তাঁরা অবিলম্বে তাঁর বদলি আদেশ প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
অন্যদিকে, বদলি আদেশ বহাল রাখার দাবিতে বিক্ষোভকারীরা মানববন্ধনের দাবির বিরোধিতা করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।