
জাহিদ দুলাল, স্টাফ রিপোর্টার:
ভোলার লালমোহন পৌর শহরের চৌরাস্তার মোড়ের পশ্চিম পার্শ্বে ডাকবাংলো সড়কে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ঝুঁকিপূর্ণভাবে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার রাখার অপরাধে মিজান স্টোর নামক এক দোকানের মালিককে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার বিকেলে উক্ত এলাকায় লালমোহন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজওয়ানুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। এসময় বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল তাকে সার্বিক সহায়তা প্রদান করে।
অভিযান সূত্রে জানা যায়, ডাকবাংলো ব্রিজ সংলগ্ন এলাকার মূল রাস্তার উপর অত্যন্ত বিপজ্জনকভাবে দোকানের সামনে পেট্রোলিয়াম গ্যাসের সিলিন্ডার স্তূপ করে রাখা হয়েছিল। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার তীব্র আশঙ্কা তৈরি হয় এবং পথচারী ও যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটে।
এ অপরাধের প্রেক্ষিতে সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারা অনুযায়ী মিজান ষ্টোরের মালিককে ১ হাজার টাকা জরিমানা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) জানান, জনস্বার্থ রক্ষা ও যেকোনো অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।